প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ৭:৪৮:৩৩ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নতুন অগ্রগতি এসেছে। সজীব ব্যাপারীসহ ২১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে বহুল আলোচিত এই হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হলো।

রোববার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জুলাই দিন ধার্য করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মামলার ২১ আসামির মধ্যে ১০ জন বর্তমানে কারাগারে, তিনজন জামিনে রয়েছেন এবং বাকি আটজন পলাতক। শুনানির সময় জামিনে থাকা তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। কারাগারে থাকা ১০ আসামিকেও আদালতে হাজির করা হয়। তাদের আইনজীবীরা অব্যাহতির আবেদন করলেও আদালত তা নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে উপস্থিত ১৩ আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে প্রকাশ্যে একদল হামলাকারী ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করে।
ঘটনার পরদিন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম কোতোয়ালি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। একই সঙ্গে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
নিহত সোহাগ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব নামাবাড়ি গ্রামের ইউসুফ আলী হাওলাদারের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি মিটফোর্ড এলাকার রজনী ঘোষ লেনে ভাঙারি ব্যবসা পরিচালনা করতেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৯ ডিসেম্বর কোতোয়ালি থানার তৎকালীন তদন্ত কর্মকর্তা ও অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান সজীব ব্যাপারীসহ ২১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। অভিযোগ গঠনের মাধ্যমে এখন মামলাটির বিচারিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এন/টি #

















