প্রতিনিধি ১২ জুলাই ২০২৬ , ১:১২:৫৪ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক: মাদারীপুর সদর মডেল থানার অস্থায়ী হাজত থেকে গ্রিল ভেঙে পালিয়ে যাওয়া নারী আসামি হাসিনা বেগম (৩৫)কে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ভোরে কেরানীগঞ্জের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হাসিনা বেগম মাদারীপুর পৌরসভার থানতলী এলাকার হবি হাওলাদারের মেয়ে এবং সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের কালাইমারা এলাকার আল আমিনের স্ত্রী।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইটেরপুল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোকসেদুর রহমান তাকে আটক করেন। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
সদর মডেল থানার মূল ভবন নির্মাণাধীন থাকায় বর্তমানে ওসির বাসভবনের নিচতলায় অস্থায়ীভাবে থানার কার্যক্রম পরিচালিত হচ্ছে। সেখানে হাজতখানা না থাকায় বারান্দার একটি কক্ষে পুলিশি হেফাজতে রাখা হয় হাসিনাকে। রাত দেড়টার দিকে সুযোগ বুঝে তিনি কক্ষের গ্রিল ভেঙে পালিয়ে যান।
পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার ভোরে ঢাকার কেরানীগঞ্জের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ।
মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হবে। এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে ডিউটি অফিসার ও সেন্ট্রিকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

এন/টি #











