অপরাধ

তারাবি শেষে হাঁটতে বেরিয়ে দুদক মহাপরিচালক ছিনতাইয়ের শিকার

  প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১১:৫২:০২ প্রিন্ট সংস্করণ

Screenshot 20260308 234046 Facebook

নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটতে বেরিয়ে সশস্ত্র ছিনতাইকারীর কবলে পড়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। চাপাতি ও সামুরাই তলোয়ার দেখিয়ে তাকে মারধর করে আইফোন, নগদ টাকা ও হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশের শহীদ ফাইয়াজ চত্বরে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, তারাবির নামাজ শেষে হাঁটতে বের হলে তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী চাপাতি ও সামুরাই তলোয়ার নিয়ে তাকে ঘিরে ধরে। পরে তারা ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, নগদ ২০ হাজার টাকা ও একটি হাতঘড়ি ছিনিয়ে নেয়।
ছিনতাইয়ের পর অপরাধীরা আইফোনের পাসওয়ার্ড দাবি করলে তিনি দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ছিনতাইকারীরা সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে এবং বাম চোখে ঘুষি মেরে তাকে জখম করে। প্রাণনাশের হুমকির মুখে শেষ পর্যন্ত তিনি ফোনের পাসওয়ার্ড দিতে বাধ্য হন। এরপর ছিনতাইকারীরা একটি অটোরিকশায় করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পরপরই মোবাইল ফোন ট্র্যাক করে ছিনতাইকারীদের অবস্থান তাজমহল রোড এলাকায় শনাক্ত করা হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে তাদের আটকের চেষ্টা চালায়। তবে ততক্ষণে তারা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
এ ঘটনায় রোববার (৮ মার্চ) মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এখনো ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব না হলেও দ্রুত তাদের গ্রেপ্তার করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোতাহার হোসেন এর আগে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। পরে ২০২৪ সালের ১৭ মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এন/টি#

আরও খবর

Sponsered content