প্রতিনিধি ৮ মার্চ ২০২৬ , ১১:২৫:১৫ প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তার হওয়া আসামিদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রোববার (৮ মার্চ) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া নির্ভুল তথ্যের ভিত্তিতে হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডে অভিযুক্ত আরেক আসামি আলমগীর হোসেনকেও আটক করেছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ।
ভারতের সংবাদ সংস্থা এএনআই এবং পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যম ‘এই সময়’ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
গত ১২ ডিসেম্বর ঢাকায় সংঘটিত চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর দুই আসামি সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে আত্মগোপনে ছিলেন। পশ্চিমবঙ্গ পুলিশ এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেছে। কারণ হাদি হত্যাকাণ্ডের পর বাংলাদেশে ব্যাপক উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয়েছিল।
বিভিন্ন সূত্র জানায়, সম্প্রতি বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন। সে সময় তিনি ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে হাদি হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে জোর দেন।
এরই ধারাবাহিকতায় ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই আসামিকে আটক করতে সক্ষম হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতে অবস্থান করে বাংলাদেশবিরোধী প্রচারণা চালানো ব্যক্তিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
এন/টি #

















