অপরাধ

কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতা গ্রেফতার

  প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৬ , ৯:০৯:৫৯ প্রিন্ট সংস্করণ

VID 20260405 WA0031

নিউজ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে গ্যাস লাইট ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ইমানুল্লাহ মাস্তান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। শনিবার (৪এপ্রিল) দিবাগত গভীর রাতে আগানগর ব্রিজের নিচে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শনিবার দুপুরে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া কেরানীগঞ্জের আগানগর আমবাগিচা এলাকায় গ্যাস লাইট তৈরির কারখানাটি তার নেতৃত্বে পরিচালিত হতো।গত বছর কারখানাতে অগ্নিকাণ্ড ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়েছিল। এরপর কিছুদিন বন্ধ থাকার পর ক্ষমতার প্রভাব খাটিয়ে প্রশাসনের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি কারখানাটির মালিকপক্ষকে প্রধান গেট বন্ধ রেখে পেছনের গেট দিয়ে পরিচালনা করার অনুমতি দেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলার এজাহারে বলা হয়, কারখানাটিতে কোনো ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখা হয়নি, যদিও আসামীরা জানত যে যেকোনো সময় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। এই অবহেলা ও আইন অমান্যের ফলেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ৬ জন শ্রমিক দগ্ধ হয়ে নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার সাথে আরও বেশ কয়েকজন সহযোগী জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এন/টি #

 

আরও খবর

Sponsered content