প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:১২:২৭ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: চমকে ভরা থাকছে তারেক রহমানের মন্ত্রিসভা। ঢাকা জেলার পাঁচটি সংসদীয় আসনে বিএনপি প্রার্থীরা পাঁচটিতেই জয়লাভ করেছে। এই পাঁচ জনের সকলেই হেভিওয়েট নেতা হওয়ার পরেও কেউই মন্ত্রিসভায় স্থান পায়নি। তারেক রহমানের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রাখা হচ্ছে।

জানা গেছে,ঢাকা-১ আসনে খন্দকার আবু আসফাক বিএনপি’র ধানের শীষের প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ঢাকা-২ আসনে আমান উল্লাহ আমান আমান এবার নিয়ে মোট পাঁচবার ধানের শীষের প্রতীকে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি বিগত বিএনপি সরকারের শাসনামলে মন্ত্রিত্বের দায়িত্ব পালন সহ বর্তমানে দলটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। ঢাকা-৩ আসনে বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবার প্রথম ধানের শীষের প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি বর্তমানে দলের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিগত ৯১-৯৬ সালের বিএনপি’র শাসনামলে তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা-১৯ আসনে দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন এবং তিনি সাভার আশুলিয়ায় বিপুল জনপ্রিয় একজন নেতা। এর আগে তিনি ঢাকা জেলা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন। ঢাকা-২০ আসলে ধানের শীষের প্রতীকে বিপুল ভোটে নির্বাচিত হওয়া তমিজ উদ্দিন এর বিশাল রাজনীতি ইতিহাস রয়েছে। এদের মধ্যে কেউই মন্ত্রিত্ব না পাওয়ায় ঢাকা জেলাবাসি হতাশ হয়েছে বলে একাধিক নেতাকর্মীরা জানিয়েছেন।
এর আগে সোশ্যাল মিডিয়ায় গয়েশ্বর চন্দ্র রায় ও আমান উল্লাহ আমান মন্ত্রিত্ব পাচ্ছেন এমন সংবাদ ভাইরাল হয়েছে। এসব সংবাদের প্রেক্ষিতে অনেকে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেছে বলেও জানা গেছে। তবে শেষ মুহূর্তে এসে ঢাকা জেলাবাসি কোন মন্ত্রিত্ব পায়নি বলে দলের একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
এন/টি #
















