জাতীয়

ঢাকা-৮ নির্বাচনে অনিয়মের অভিযোগ, সিইসির কাছে পুনঃগণনার আবেদন

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১২:৪০ প্রিন্ট সংস্করণ

Screenshot 20260215 130059 Facebook

নিউজ ডেস্ক: ঢাকা-৮ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট পুনঃগণনার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জমা দেওয়া ওই অভিযোগে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির ঘটনা ঘটেছে। তার অভিযোগ, বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদের পক্ষ থেকে ভোট রিগিং, প্রভাব বিস্তার এবং ফলাফল প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, বেশ কয়েকটি কেন্দ্রে বাতিল হওয়া ভোট ধানের শীষ প্রতীকের অনুকূলে গণনায় যুক্ত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও রিটার্নিং অফিসারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অভিযোগে বলা হয়, নির্বাচনী আইন ও বিধিমালা লঙ্ঘন করে অবৈধভাবে বিএনপি প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

এনসিপি প্রার্থীর পক্ষ থেকে ঢাকা-৮ আসনের ফলাফল স্থগিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়েছে। পুনঃগণনার আগে নবনির্বাচিত প্রার্থীর শপথ অনুষ্ঠান বন্ধ রাখার আবেদনও করা হয়েছে।

প্রসঙ্গত, বেসরকারি ফলাফলে ঢাকা-৮ আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।

আরও খবর

Sponsered content