জাতীয়

ভোট কারচুপির অভিযোগে রাজপথে নামছে জামায়াত

  প্রতিনিধি ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ৪:২৭:৪২ প্রিন্ট সংস্করণ

Jamat 2411301101 (1)

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ম্যানিপুলেশন’, জাল ভোট ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ তুলে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম গেট থেকে ১১ দলীয় জোটের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল শুরু হবে।
হামিদুর রহমান আযাদ বলেন, “জনগণকে সঙ্গে নিয়েই আমরা প্রতিবাদে নামছি। যারা সংখ্যাগরিষ্ঠতার দাপটে অসুস্থ পথে হাঁটতে চায়, জনগণ তা মেনে নেবে না। সংসদই হওয়া উচিত সব রাজনৈতিক আলাপের কেন্দ্র।”
১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে অভিযোগ তুলে তিনি বলেন, অতীতের মতো বড় ধরনের সহিংসতা না থাকলেও ভোটকেন্দ্রগুলোতে ছিল ভয়ভীতি ও অনিয়মের পরিবেশ। জাল ভোট, কালো টাকার ব্যবহার, হুমকি-ধমকি ও হামলার অভিযোগ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। এসব বিষয়ে ভোটগ্রহণ কর্মকর্তাদের জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি করেন তিনি।
জামায়াতের এই নেতা আরও অভিযোগ করেন, কিছু এলাকায় কর্তব্যরত অফিসার ও দলীয় কর্মীদের দ্বারা ব্যালটে সিল মারা হয়েছে। কোথাও কোথাও রেজাল্ট শিটে ঘষামাজা এবং পেন্সিলে ফল লেখার মতো ঘটনাও ঘটেছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেওয়া হলেও সন্তোষজনক সাড়া মেলেনি বলে জানান তিনি।
ঢাকা-৮সহ ৩২টি আসনে স্বল্প ভোটের ব্যবধানে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, এসব আসনে পুনঃগণনার আবেদন করা হয়েছে। অভিযোগ থাকা সত্ত্বেও দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংসদে যাওয়ার প্রশ্নে পজিটিভ মনোভাব জানিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, “আমরা পার্লামেন্টেও যাবো, রাজপথেও থাকব। এবারের নির্বাচনে জনআকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন হয়নি।”
তিনি সতর্ক করে বলেন, বিজয়ীরা সঠিক পথে না চললে রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে। ছায়া মন্ত্রিসভা গঠনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

এন/টি#

আরও খবর

Sponsered content