নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মাদক বিরোধী অভিযানে সাভারে অভিযান চালিয়ে সেলিম (৩০), বাবু (৪০) ও জুয়েল (৪০) নামের তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্প। এ সময় তাদের কাছ থেকে ৩০ পোটলা গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫,৩৮৪ টাকা, ভারতীয় ভিসাসহ ০২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রেস রিলিজ এর মাধ্যমে জানানো হয়েছে,রাজফুলবাড়িয়া এলাকায় নিয়মিত টহল পরিচালনাকালে তেঁতুলঝোড়া প্রাথমিক বিদ্যালয়ের নিকট তিনজন ব্যক্তিকে গাজা সেবনরত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পাশের একটি দোকান থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসার সঙ্গে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিয়মিত গাঁজা সেবনকারী এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়াও তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।
সেনাবাহিনী সর্বদা মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এন/টি #
ভারপ্রাপ্ত সম্পাদক: সুপন রায়, নির্বাহী সম্পাদক: বাবলী খানম, বার্তা সম্পাদক: তাহমিদ চৌধুরী অরন্য, বিশ্বাস মাল্টিমিডিয়ার পক্ষে শিমু আক্তার (রুনা নূর) কর্তৃক ৮৫/১, ৫ম তলা, পুরানা পল্টন ঢাকা-১০০০ থেকে প্রকাশিত। ই-মেইল: editornewstoday.bd@gmail.com, বার্তা বিভাগ: +8809611457132, উপদেষ্টা মণ্ডলীর সদস্য: অ্যাডভোকেট পলাশ হোসেন ও অ্যাডভোকেট এম এইচ এ রাসেল।