প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ১:০৪:০৪ প্রিন্ট সংস্করণ
কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত চারজনের মরদেহ ও বেশ কিছু আহত যাত্রীদের নিয়ে সদরঘাট লঞ্চ টার্মিনালে পৌঁছেছে যাত্রীবাহী জাহাজ এমভি জাকির সম্রাট-৩। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। তবে এ সময় উৎসুক জনতার ভিড়ে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে সদরঘাট নৌ পুলিশের অফিসার ইনচার্জ সোহাগ রানা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে দুর্ঘটনা কবলিত জাহাজটি সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছে। এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনাঘাট এলাকায় মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন এবং পরবর্তীতে আরো দুজন সহ মোট চারজনের মৃত্যু হয়েছে।
চাঁদপুরে বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান জানান, রাজধানীর সদরঘাট থেকে বরিশালগামী এমভি এডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট-৩ নামের দুটি যাত্রীবাহী লঞ্চ ঘন কুয়াশার মধ্যে পড়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় লঞ্চে থাকা কয়েকজন যাত্রী নিহত ও আহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে যায় এবং এমভি জাকির সম্রাট-৩ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।
এন/টি #

















